প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
তাহিরপুরের বাদাঘাট সড়কে আনসার ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ আগস্ট ( শনিবার) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সড়ক পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ সকালে বাদাঘাট ইউনিয়নের আনসার-ভিডিপির উদ্যোগে আয়োজিত এ অভিযানে ইউনিয়নের প্রায় ৩৫ জন ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। অভিযানে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করে সড়ক ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
ভিডিপি ইউনিয়ন দলনেতা ও রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল পদক (পিভিএম) প্রাপ্ত শাহ আলীর নেতৃত্বে এবং সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ হযরত আলীর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে স্থানীয় ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সড়কের পাশে পুনরায় যাতে ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে লক্ষ্যে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সড়কের পাশে বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ আনসার-ভিডিপির এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা মনে করেন, এ ধরনের কার্যক্রম একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখবে, অন্যদিকে স্থানীয় জনগণের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। বাদাঘাটের এ পরিচ্ছন্নতা অভিযানও বাহিনীর জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের একটি অংশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন